খাবার না পেয়ে আওয়ামী লীগের সভায় ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকশ চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার রাতে জামালপুরের সদর উপজেলার কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নেতা-কর্মীরা জানায়, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা শুরু হয় বিকাল ৩টায়।
শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ জেলা উপজেলা আওয়ামী লীগ নেতারা।
আলোচনা সভা উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে ভূরিভোজের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। সভা শেষে অতিথিরা বিদায় হলে বিতরণ করা হয় গরুর মাংস দিয়ে রান্না করা মিল্লিভাত। উপস্থিত বেশির ভাগ নেতাকর্মী মিল্লিভাত থেকে বঞ্চিত হন। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকশ চেয়ার ভাঙচুর করেন।
এ ব্যাপারে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সাংবাদিকদের বলেন, মহান বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার কার্যক্রম সন্ধ্যায় শেষ হয়। অতিথিসহ তারা চলে যাবার পর খাবার না পেয়ে কিছু ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
কিছু লোক অনুষ্ঠানে উপস্থিত থেকেও খাবার না পেয়ে চেয়ার ভাঙচুর করেছেন বলে জানান নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. কামাল হোসেন।