নেত্রকোনা জেলার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় সনাই মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও আটজন।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে সাহিতপুর বাজার সন্নিকটে বাস ও ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- হাজারীবাগে বাসের ধাক্কায় দশ বছরের শিশুর মৃত্যু
নিহত যুবক সনাই মিয়া মদন উপজেলার চন্দ্রতলা গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। সনাই মিয়া হিরণ এন্টারপ্রাইজের হেলপার ছিলেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আজ সোমবার ভোর ৬টার দিকে কেন্দুয়া পৌঁছার আগেই সাহিতপুর বাজারের কাছে সড়কে দাঁড়ানো মালবোঝাই ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কা লাগে। এতে বাসের হেলপার সনাই মিয়া ঘটনাস্থলে মারা যান।
ওসি আরো জানান, আহত হন কমপক্ষে আটজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময়র পর পালিয়ে গেছে বাসচালক।