কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের ঈদগাও থানার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাগ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামাবাদ উত্তর লরাবাগ চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) এবং তার মেয়ে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।
স্থানীয় সূত্রে জানিয়েছে, আজিজুল হক ও টমটম চালক আবুল কালামের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা ও তার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে আহত মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আবুল কালাম পালিয়ে যান। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- বিদায়ী ভাষণে যা বললেন ট্রাম্প
এ বিষয়ে ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম সাংবাদিকদের বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে আবুল কালাম পালিয়ে গিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে বলেও জানান তিনি।