ওমরাহ ভিসা ছাড়াও ওমরাহ করতে পারবেন মুসলমানরা। অপরদিকে যতবার ইচ্ছা ততবারই ওমরাহ সুযোগ দিয়েছে সৌদি সরকার।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে দিয়ে গালফ নিউজে বলা হয়েছে, ভ্রমণ, পর্যটন ও শ্রম এই তিনটি ভিসার যে কোনোটিতে ওমরাহ করা যাবে। একই সঙ্গে সৌদি আরব ছাড়ার সময় যাতায়াতের পথও পরিবর্তন করা যাবে।
এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিধান করা হয়েছে।
ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করা হয়েছে। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।