এই বাকশালী সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দানব সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও তিনি এসময় মন্তব্য করেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে ডেঙ্গু জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে লিফলেট বিতরণের তিন দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়রদের অনির্বাচিত দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছে সেখানেও তারা চুরি করেছে, তাদের প্রধান লক্ষ্যই চুরি করা। ফখরুল বলেন, একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গান গেয়ে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে চিকিৎসা দিতে পারছে না, চিকিৎসা সেবা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারাও করছে।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করা প্রকৌশলী ইশরাক হোসেন ও ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা তাবিথ আউয়াল প্রমুখ।