চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭ স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এবং বর্তমান সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের সমর্থকরা একই স্থানে একই সময়ে রাজনৈতিক সভা আহ্বান করায় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন।
উপজেলার ১৪৪ ধারা জারিকৃত এলাকাগুলো হলো- শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তর পাড়।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যকর শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩ দিনের জন্য ওইসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ গতকাল বুধবার রাতে জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। আইন-শৃঙ্খলা অবনতির আশংকায় উপজেলার ৭টি এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন- শিবগঞ্জে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বুধবার রাতে গণমাধ্যমকে জানান, একই সময়ে একই সময়ে দু’জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার পক্ষে সভা আহ্বান করায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানার ওসির আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭টি স্পটে ১৪৪ ধারা জারি করেছেন বলেও জানান তিনি।