ছাত্রলীগের নেতা-কর্মীরা মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে (৫০) মারধর করে তার মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আ.লীগের ঐ নেতার সমর্থকরা। বুধবার (৩ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সালাম খন্দকারের সমর্থকরা।
এ সময় বিক্ষুব্ধ সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজৈরমুখী হয়। সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, অবরোধকারীদের বুঝিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।