নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ছাগল ছিনিয়ে নেওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই ঘটনা ঘটে।
আরও পড়ুন : দুই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্বভার নিলেন নারায়ণগঞ্জের ডিসি
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভোর সাড়ে ৬টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে চট্টগ্রাম যাওয়ার কথা বলে একজন নারী ও ৪জন পুরুষ রংপুর থেকে ছেড়ে আসা টিএম পরিবহনের বাসে উঠে।
বাসটি লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছালে সুপারভাইজার ও ড্রাইভারকে পিস্তলের ভয় দেখিয়ে ওই পাঁচ জন বাসের বক্সে থাকা ২৭টি ছাগল জোর করে নামাতে শুরু করে। ওইসময় কাঁচপুর হাইওয়ে থানার এএসআই রুবেল শেখের নেতৃত্বে টহল টিম উপস্থিত হতে দেখলে ডাকাতরা ১০টি ছাগল নিয়ে পালিয়ে যায়।
ওইসময় ডাকাতদের কাছ থেকে পুলিশের সদস্যরা ৭টি ছাগল উদ্ধার করে। পরে বন্দর থানার টহল পুলিশের সহযোগিতায় ৩ ডাকাতকে আটক করা হয় এবং আরো দুটি ছাগল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন,‘এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী পলাতক আরো দুই সহযোগীকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।##