ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের কাচঁপুর সেতুর পশ্চিম পাশে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার ভোর ৫টায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) ও পাবনার সুজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (২০)। সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টি আই একেএম শরফুদ্দিন।
তিনি জানান, মোটরসাইকেল যোগে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশের ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে। পুলিশ গাড়িটিকে চিহ্নিত করতে আশেপাশের ভবনের লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা সনাক্তের চেষ্টা চলছে। গাড়িটি সনাক্ত করা গেলেই গাড়ির চালককে আইনের আওতায় আনা হবে।