বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে। তিনি বলেন, আজকে দুর্ভাগ্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এখন এমন একটা অবস্থা তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু রাজনৈতিক দল গণভোটের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিকাল ৪টায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে। র্যালির পূর্ব সমাবেশের জন্য কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি রাজনৈতিক দল এখন জোট গঠন করে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট? আমরা গণভোট মানি, তবে সেটি নির্বাচনের দিনেই হতে হবে, কারণ দুইবার ভোট আয়োজন করতে গেলে বিপুল অর্থ ব্যয় হবে।
র্যালির পূর্ব সমাবেশে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।