নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে সবজি ক্ষেতের মাঝে আগুনে পোড়া অজ্ঞাত এক লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৩ মার্চ) দুপুরে এ লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, পোড়া ওই লাশটি কোন নারীর হতে পারে।
হত্যার পর পরিচয় গোপন রাখতে লাশটিকে আগুনে পোড়া হয়েছে। রাতে কোন এক সময় কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার একটি সবজির পাশের ঝোপে ওই নারীকে রেখে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ আটক ২
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, খবর পেয়ে সবজি ক্ষেতের পাশে আগুনে পোড়া লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পুরো শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও দুটি পা অবশিষ্ট অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে ভুয়া পাসপোর্ট তৈরী চক্রের ২ সদস্য গ্রেফতার
লাশটি এখন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টায় ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল ) মাহিন ফরাজি, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা।