স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, রাজধানী ঢাকার জন্য চার লাখ ডোজ করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা বরাদ্দ করা হয়েছে। যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে টিকা বিতরণের প্রস্তুতি নিয়ে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিক্যাল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন- জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপি’র অপপ্রচারে ভাটা: তথ্যমন্ত্রী
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, আগামী রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। পরীক্ষামূলক প্রয়োগের পর এবার গণহারে টিকা দেওয়া হচ্ছে।এরই মধ্যে জেলায় জেলায় করোনার টিকা পৌঁছে গেছে। টিকা বিতরণের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকাগ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।