ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, গত বছরের মতো এবারও এডিস মশা নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণত এই মৌসুমে ডেঙ্গু মশার উপদ্রব বাড়ে। তাই আমরা মশকনিধনে বছরব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছি। এতে এখন পর্যন্ত নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে সক্ষম হয়েছি। বছরের বাকি দিনগুলোয় মশা নিয়ন্ত্রণে রাখতে পারব, ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০টায় ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের পলাশীতে অন্তর্র্বতীকালীন বর্জ্যব্যবস্থাপনা কেন্দ্র (এসটিএস) উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- বস্তিগুলোরে অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করা হবে: ডিএনসিসি মেয়র
নগরের জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে মেয়র বলেন, গত ২ জানুয়ারি নগরের খালগুলো ডিএসসিসিকে হস্তান্তর করেছে ওয়াসা। এখন এসব খাল থেকে পলি, বর্জ্য অপসারণ করা হচ্ছে। যাত্রাবাড়ীর শনির আখড়া, কাজলা এলাকায় এই কাজ চলমান রয়েছে। আশা করি, এবার আর জলাবদ্ধতা হবে না।