বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ শুরু হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসির যৌথ প্রযোজনায় আরেকটি প্রহসনের নির্বাচন চলছে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) সকালে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন:- বগুড়ার যে ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি
তিনি বলেন, চসিক নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়। এ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশি তাণ্ডব চলেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন আগে মিটিং করে নির্দেশনা দিয়েছেন কীভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে, এজেন্টদের গ্রেফতার করে বিএনপিকে এলাকাশূন্য করে ভোট ডাকাতি করা যায়। তারা তাই করছে।
বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুর উদোগে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ভাইস চেয়ারম্যান আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, ছাত্রদল নেতা মুন্নাসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।