টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে স্লো ওভার রেটে জরিমানা গুনতে হয়েছিল ভারতীয় খেলোয়াড়দের। চতুর্থ টি-টোয়েন্টিতে ম্যাচ ফির ৪০ শতাংশ ও পঞ্চম ম্যাচে হয়েছিল ২০ শতাংশ জরিমানা। ওয়ানডে সিরিজের শুরুতে আরও বড় জরিমানা গুনতে হলো বিরাট কোহলিদের। স্লো ওভার রেটের শাস্তিতে এবার কাটা গেছে ম্যাচ ফির ৮০ শতাংশ।
আজ (বুধবার) হ্যামিল্টনের প্রথম ওয়ানডেতে ৩৪৭ রান করেও হেরেছে ভারত। হারের ধাক্কার সঙ্গে গুনতে হয়েছে জরিমানা। ফিল্ডিংয়ে নির্ধারিত সময়ে ৪ ওভার কম ছিল ভারতের। এজন্য ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভারতের একাদশে থাকা প্রত্যেক খেলোয়াড়কে শাস্তি দিয়েছেন।
আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী স্লো ওভার রেটে প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কাটা যাবে। সেই হিসাবে ভারতের ৪ ওভার কম থাকায় গুনতে হয়েছে ৮০ শতাংশ জরিমানা।
আইসিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘অধিনায়ক কোহলি শাস্তি মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।’ এর আগে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচেও স্লো ওভার রেটের শাস্তি পেয়েছিলেন ভারতীয় খেলোয়াড়রা। যার মধ্যে চতুর্থ ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত হোয়াইটওয়াশ করেছে কিউইদের। তবে ওয়ানডের শুরুটা ভালো হয়নি কোহলিদের। ৩৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করালেও রস টেলরের অপরাজিত সেঞ্চুরিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকেরা।
খবর বাংলা ট্রিবিউন।