তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার ১৫ বছরের। দেশের হয়ে অনেক অর্জন তার, অনেকগুলো রেকর্ডের অংশীদারও তিনি। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ছিল না কোনও ট্রিপল সেঞ্চুরি। এই নিয়ে কোনও আক্ষেপ না থাকলেও রকিবুলের ইনিংসের কথা তার প্রায়ই মনে হতো। ভাবতেন কীভাবে এত বল খেল ট্রিপল সেঞ্চুরি করেছেন তার বন্ধু! তবে ওই ভাবনা থেকেই যে ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছেন, ব্যাপারটি এমন নয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে যেভাবে খেলতে চেয়েছিলেন, সেভাবে খেলতে পেরেছেন, এটাই তৃপ্তি দিচ্ছে তামিমকে। তারপরও দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিকে হৃদয়ের সর্বোচ্চ স্থানেই রাখবেন, আজ সংবাদমাধ্যমকে জানালেন দেশসেরা ওপেনার।
প্রশ্ন: প্রথম ট্রিপল সেঞ্চুরি, কেমন লাগছে?
তামিম ইকবাল: অবশ্যই এটা দারুণ অনুভূতি। তিনশ’ করা… সত্যি কথা আমি কোনদিন ভাবিনি তিনশ’ করবো। স্বপ্ন অবশ্যই থাকে। এ ম্যাচে হয়ে যাবে সেটা কখনও ভাবিনি। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমি কিভাবে ব্যাটিং করেছি সেটা, এটা না যে আমি কত রান করেছি বা আমি ট্রিপল সেঞ্চুরি করেছি। সবথেকে বেশি স্বস্তির বিষয়, যেভাবে আমি ব্যাট করেছি। খুব খুশি এবং আশা করি এভাবেই আমি খেলে যেতে পারবো।
প্রশ্ন: অন্য কোনও সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি থেকে ভিন্ন কী ছিল আপনার ব্যাটিংয়ে?
তামিম: আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। উইকেটে বল সেভাবে ঘুরছিল না, বাড়তি কিছুই হচ্ছিল না। আমি নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করেছি। তিনশ’ রান করার পর আমি সুযোগ নিয়েছি। এর আগে আমার মনে হয় না আমি বিশেষ কিছু করার চেষ্টা করেছি। ক্রিকেটিং শটগুলো খেলে গেছি। সব সময় চেষ্টা করেছি যে আমি চার মারব। ছয় মারার কোনও চিন্তা ছিল না।
প্রশ্ন: ট্রিপল সেঞ্চুরির মাইলফলক ছুঁতে পারবেন কখন মনে হয়েছিল?
তামিম: সত্যি কথা বলতে, যখন ২৬০-৭০ হয়ে গেছে তখনও আমি ট্রিপল সেঞ্চুরি নিয়ে ভাবিনি। ২৮০ ছোঁয়ার পর আমি এটা নিয়ে ভাবতে শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছিল, আমি ট্রিপল সেঞ্চুরি নিয়ে বেশি চিন্তা করি তাহলে হয়তো আমার পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে। আমি সহজ থাকার চেষ্টা করেছি। ফলে আমার কাজটা সহজ হয়ে গেছে।
প্রশ্ন: প্রথম দুই দিনের চেয়ে তৃতীয় দিনে ব্যাটিং করাটা কি কঠিন ছিল?
তামিম: তিন দিনের উইকেটের তুলনা করলে তৃতীয় দিনে ব্যাটিং করা কিছুটা কঠিন ছিল। ওরকম বাউন্ডারিও পাচ্ছিলাম না। এজন্য সিঙ্গেল ও ডাবলস খুঁজছিলাম। টেস্ট ক্রিকেটে এই সুবিধাটা পাওয়া যায়। কারণ উইকেটের পেছনে অনেক ফিল্ডার থাকে। যখন ফিল্ডার পরাস্ত করেন সিঙ্গেল-ডাবলসের সুযোগ বেশি থাকে। এটাই চেষ্টা করছিলাম। সব সময় রানের খোঁজে ছিলাম। এজন্য পেরেছি।
প্রশ্ন: স্লিপে থেকে রকিবুল স্লেজিং করছিল মনে হয়েছে, এমন কিছুই কি?
তামিম: না, স্লেজিং করেনি। দোয়াই নিশ্চয়ই করেছেপ্রশ্ন: ইনিংস ঘোষণার পর মনে হচ্ছিল আপনি আরও একটু ব্যাটিং করতে চেয়েছিলেন, বিষয়টি আসলে কী ছিলো?
তামিম: ওই ওভারে আর একটা বল ছিল। আমি মারার চিন্তা করছিলাম। ভাবছিলাম আরেকটা মেরে দিলে ৩৫০ থেকে ১০ রান দূরে থাকতাম। দিনশেষে ৩০০ বা ৪০০ করেন লাভ নেই। যদি দল ভালো ফল না করে তাহলে ওই অনুভূতিটা থাকে না। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ওদের তিন উইকেটও পড়ে গেছে। আরও ৭ উইকেট নিতে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।
প্রশ্ন: আজকের ট্রিপল সেঞ্চুরিটাকে আপনার ক্যারিয়ারে কীভাবে রাখবেন?
তামিম: এটা স্পেশাল ইনিংস। তিনশ’ করা যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে কঠিন। আবার যেকোনও লেভেলেই এটা করা কঠিন। এটা যদি সহজ হতো তাহলে প্রতি মাসেই একজন করে তিনশ’ করতো! আমার জন্য এটা খুব স্পেশাল। আমার হৃদয়ে খুব বড় জায়গায় এটা থাকবে।
প্রশ্ন: আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার অনেক দিনের। আপনি কি মনে করেন এমন একটি ইনিংস আপনার পাওনা ছিল?
তামিম: সত্যি বলতে এভাবে ভাবিনি। তবে আমি যখনই চিন্তা করতাম, রকিবুল একমাত্র যে তিনশ’ করছে। কীভাবে সে পেরেছে কত ধৈর্য়্যে যে তিনশ’ করে ফেলছে- এটা তো এত সহজ না। আগের উইকেটগুলো তো আরও স্লো এবং স্পিনিং ছিল। ওই জায়গায় তিনশ’ করা কঠিন। একটু যদি ফাস্ট থাকে, আউটফিল্ড যদি ভালো হয় তাহলে একটু সহজ হয়। এটা সব সময় চিন্তা করতাম, এমনকি আমাদের জাতীয় দলের ড্রেসিংরুমেও এটা নিয়ে আলোচনা হতো এবং আমরা ভাবতাম একজন কিভাবে এত বল খেলল। ও তো ৬০০’র বেশি বল খেলেছে। আমি এমন কিছু করবো এমন পরিকল্পন কখনও ছিল না।
খবর বাংলা ট্রিবিউন।