আরশিনগরের পড়শি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ। ওপার বাংলার বহু সাহিত্যিক যেমন এপার বাংলাতে জনপ্রিয়, তেমনি এপারের বহু লেখকের লেখারও অনেক ভক্ত রয়েছেন ওপারে। আর এ বিষয়টি মাথায় রেখেই গত কয়েক বছর ধরে শুধুমাত্র বাংলাদেশের বই নিয়েই কলকাতায় বসছে আস্ত একটা মেলা। শুক্রবার থেকে কলকাতার মোহরকুঞ্জে শুরু হচ্ছে নবম বাংলাদেশ বইমেলা। এবারের বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বইমেলাটি আয়োজন করছে। এবারের মেলায় ৮৩টি স্টল থাকছে। উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশক যোগ দিচ্ছেন মেলায়। মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের এক বর্ষীয়ান কর্মকর্তা জানান, এই ধরনের মেলা দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।

গত বছরে আয়োজিত বইমেলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের ‘অ্যাকাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘গত আট বছর ধরে এই শহরে আয়োজিত হচ্ছে মেলাটি। প্রত্যেকবারই বেশ ভাল সাড়া পাওয়া গিয়েছে। এবার আমরা আরও বেশি সাড়া প্রত্যাশা করছি।’
প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম বাংলাদেশ বইমেলা আয়োজিত হয়। এরপর থেকে প্রত্যেক বছরই মেলাটির আয়োজন হয় কলকাতায়।
সূত্র: দৈনিক ইত্তেফাক