রাজধানী ঢাকার কেরানীগঞ্জে রাতে সড়কে গাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৫জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাতে জিনজিরা- নবাবগঞ্জ সড়কে কালিন্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা হলেন- শামীম (২৩), জুয়েল (২২) রেজাউল করিম (২৬), মানিক (৩০) এবং অপু (২৯)।
র্যাব কর্মকর্তা এ এস পি আবুল কালাম আজাদ জানান, রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা – নবাবগঞ্জ রোডে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি ছোড়া, ১টি চাইনিজ কুড়াল ৫টি মোবাইল সেট এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে ডিএডি বাদি হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাও দায়ের করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের জানান, আজ শুক্রবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে গ্রেফতার ডাকাতদের আদালতে পাঠানো হবে।