রাজধানী ঢাকার রূপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশু এবং এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন শিশু, ২ জন পুরুষ এবং একজন নারীও রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার(৩০ অক্টোবর) বিকাল ৪টার দিকে মনিপুরের ১১ নাম্বার রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত চার শিশুর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর। নিহতরা হলেন- রমজান, শাহিন, জান্নাত, নুপুর এবং রিয়া মনি। সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে নিহত দুইজনের লাশ ।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাস জানান, বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।