ইরানের দুটি ফুটবল ক্লাবের এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া হয়েছে। নিরাপত্তার আশঙ্কায় এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে বুধবার এশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে।
এশীয় ফুটবল কনফেডারেশন বলছে, ইরানের শাহর খুদরো এফসি বনাম বাহরাইনের রিফা ও ইরানের ইশতেকলাল বনাম কুয়েতের এসসির ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আগামী শনিবার।
দুটি ম্যাচই ইরানে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার জন্য তখন খেলাগুলো স্থগিত রাখা হয়েছিল।
এক বিবৃতিতে এএফসি বলছে, বেশ কয়েকটি দেশ ইরানে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
এর আগে ইরানের ভেতরে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। ইরানি দলের আয়োজিত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করতে সিদ্ধান্ত ঘোষিত হয়েছে।
ইরানি ফুটবল ফেডারেশন আরও জানায়, পরিস্থিতির সমাধানে তাৎক্ষণিকভাবে একটি বৈঠক করা হয়েছে। এ ছাড়া টুর্নামেন্টে ইরানকে প্রতিনিধিত্ব করা চারটি ক্লাবের ব্যবস্থাপক শনিবার আলোচনা করবেন।
দল চারটি হচ্ছে– পারসাপোলিস, ইশতেকলাল, সেফাহান ও সাহরি খুদরু।
দেশটির ফুটবল ফেডারেশন বলছে, ইরানের ক্লাবগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আসছে দিনগুলোতে ঘোষণা করা হবে। তবে কেন নিষিদ্ধ করা হয়েছে, সেই কারণ বর্ণনা করা হয়নি।
ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলভি বলেন, বিদেশি দলকে আমন্ত্রণ জানাতে ইরান প্রস্তুত রয়েছে। এএফসির ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, বিদেশি দলগুলোর খেলার আয়োজনে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তা আমরা প্রমাণ করেছি।
তেহরানে এএফসি চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত ম্যাচগুলোর আয়োজনে গত বছর আভাস দিয়েছিলেন তিনি।
ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্তের সঙ্গে এএফসির এমন সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা পরিষ্কার হওয়া যায়নি। খবর যুগান্তর।