রাজশাহীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মহানগরীর ডাশমারী সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এক ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে গেল আরেক ভাইও বলে জানায় পুলিশ।
নিহত দুই শিশু হলো- মো. ফাহিম (৪) ও মো. ফারহান (৪)। ফাহিমের বাবার নাম মাসুদ রানা। আর ফারহানের বাবার নাম মো. রানা। ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে প্রথমে এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে বাঁচাতে আরেক শিশুও পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়।
এর পর পরিবারের সদস্যরা শিশু দুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে তারা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ। খবর যুগান্তর।