নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এক জায়গায় নিতে চাচ্ছেন। তিনি আইনের শাসন দিতে চাচ্ছেন, উন্নতির শীর্ষস্থানে নিতে চাচ্ছেন। অথচ সমস্ত অপশক্তি এক সঙ্গে খেলা শুরু করেছে। এই অপশক্তির সাথে দুর্নীতিবাজদের টাকাও যোগ হয়েছে। দেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে। ২০-২২ বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তিনি মারা যাননি। তাঁকে দেশের উন্নয়নের জন্য আল্লাহতায়ালা বাঁচিয়ে রেখেছেন।
সোমবার দুুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ মজিবুর রহমান ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু ও গভর্নিং বডির সদস্য ইয়ার হোসেন প্রমুখ।
শামীম ওসমান বলেন, বুয়েটে একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মামলা হওয়ার আগেই ছাত্রলীগের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুয়েটে যারা ভর্তি হয়, তারা সেরাদের সেরা। অথচ এ মামলায় আরো ২০ জন সেরাদের সেরা ছাত্র জড়িত হয়ে গেছে। যদি প্রমাণিত হয় তারা অপরাধী, তবে তাদের কারো ফাঁসি হবে অথবা কারো যাবজ্জীবন সাজা হবে।
এতে সভাপতিত্ব করেন রেবতী মোহন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর ইসলাম।
মানুষের উপকারের জন্য, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য প্রয়োজনে কারো পায়ে ধরতেও দ্বিধা করবেন না উল্লেখ করে প্রবীণ এ রাজনীতিবিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হতে হলে ভালো ফলাফল করতে হবে। তুমি যদি জীবনে কিছু করতে চাও? সবার আগে তোমার মা-বাবার প্রতি দায়িত্ব পালন করো। দ্বিতীয়ত হচ্ছে সমাজের জন্য দায়িত্ব পালন করো। তৃতীয়ত হচ্ছে দেশের জন্য কিছু একটি করো। তিনি বলেন, প্রতিটি ছাত্র-ছাত্রীদের মা-বাবার উচিত ধর্মের অনুভূতি তাদের বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে দেয়া। ধর্ম মানুষকে সুন্দর করে। ধর্ম মানুষকে সমৃদ্ধি করে। প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শিখায়।