ভারতে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা হচ্ছে। এর প্রতিবাদে সরব ক্রীড়া ব্যক্তিত্বরা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)কাণ্ডের তীব্র নিন্দা করেছেন ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তিনি বর্তমানে বিজেপি সাংসদ।দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন নরেন্দ্র মোদির দলের এ সদস্য।
রোববার সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে সবরমতী গার্লস হোস্টেলে অস্ত্রশস্ত্রসহ মুখ ঢেকে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের মাথা ফাটিয়ে দেয় তারা। এতে প্রায় ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী গুরুতর আহত হন। এর মধ্যে ছিলেন অধ্যাপক সূচিত্রা সেন।
এজন্য বিজেপি ছাত্র সংগঠন এভিবিপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অনেকে বলছেন, তারাই এ হামলা চালিয়েছে। জেএনইউ ঘটনার নিন্দা করে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। এক টুইটবার্তায় বাঁহাতি ব্যাটার লেখেন,বিশ্ববিদ্যালয় চত্ত্বরে হিংসা ভারতের চেতনার পরিপন্থী। ছাত্রদের মতাদর্শ যাই হোক না কেন, এভাবে আক্রমণ করা সমীচীন নয়। যারা ক্যাম্পাসে ঢুকে এমন কাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এর পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। যাদবপুরসহ বেশ কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, সমাজের শিক্ষিত সমাজও এর প্রতিবাদে পথে নামে। মুম্বাইয়ে জেএনইউর প্রতিবাদে রাস্তায় নামেন বলিউড তারকারা। তথ্যসূত্র:এনডিটিভি, যুগান্তর।