সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া বলেছেন, জাফরুল্লাহ চৌধুরী (গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা) সাহেবের কথায়, আমি ওখানে কিছুদিন ছিলাম। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ইসরাইলিদের অধীনে তারা চলে, ইসরাইলিদের টাকায় যে দল চলে, আমি ওখানে থাকতে পারি না।
ড. রেজা কিবরিয়া বলেন, নুরের সঙ্গে তিন জায়গায় মোসাদের (ইসরাইলি গোয়েন্দা সংস্থা) মিটিং হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. রেজা কিবরিয়া এক সময় গণঅধিকার পরিষদের সভাপতি পদে ছিলেন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি থাকাকালে নুর ছিলেন সাধারণ সম্পাদক পদে। পরে দু’জনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। রেজা কিবরিয়া নুরকে ছেড়ে চলে আসেন।
ড. রেজা কিবরিয়া বলেন, আগে থেকে জানতাম (মোসাদকাণ্ড) না। তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তারপরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন, তার (নুরুল হক নুর) সঙ্গে ৩টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম।
একাধিক দল বদলের প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কিনা এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।