ওসমান হাদি হত্যাকান্ডের ঘটনায় হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। রবিবার (২৮শে ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্ব-পরিকল্পিত। ঘটনার পর অভিযুক্ত ফয়সাল এবং তার এক সহযোগী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া এই দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
তিনি আরও জানান, এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যেই আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।