নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি দশপাইপ এলাকায় রাস্তার মধ্যে মাইক্রোবাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ভিকটিম ওই তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতর ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামিরা। ভিকটিম ওই তরুণী জানান, অভিযুক্ত আসামিরা ভিকটিমের মায়ের নিকট চার লাখ টাকা পাওনা ছিল। এই সংক্রান্তে ডকুমেন্টস হিসেবে বিবাদী সাইদুলের নিকট ভিকটিমের মায়ের স্বাক্ষরিত একটি স্টাম্প ছিল। অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভিকটিমের মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাহিলে তারা ভিকটিমকে ঢাকার মাইতুয়াইল থেকে মাইক্রোবাসে তুলে সিদ্ধিরগঞ্জের জালুকুড়ি এলাকায় নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ধর্ষণের অভিযোগে রাতেই মামলা নেয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার করার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আসামীদের মধ্যে চারজন আপন ভাই ও দুইজন চাচাত ভাই রয়েছেন। এ ঘটনায় এখনো কোন আসামী গ্রেপ্তার হয়নি। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়টি আমরা তদন্ত করছি। ##