আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত অক্টোবরে ইসি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছিল। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।
অশোক কুমার বলেন, সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি আবেদনের সময় বাড়িয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ সংক্রান্ত আবেদন করেছে। ইসি ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত সচিব আরও জানান, এখন পর্যন্ত ১২টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পেয়েছে ইসি। এর মধ্যে সংস্থা আছে চারটি। এখন পর্যন্ত ৪৪ জন পর্যবেক্ষক/সাংবাদিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছেন বলে ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত: কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি করা হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করা যাবে।