প্রেম মানেনা ধর্মের কাহিনী। প্রেম মানে না সীমারেখা। প্রেম চলে প্রেমের গতিতে। আপন ধারায়, নিজস্ব টানে। সেই টানে এবার আমেরিকা থেকে এক তরুণী এলেন বাংলাদেশে। ওই তরুণীর নাম হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। গত ২১ অক্টোবর বাংলাদেশে এসে পাবনার ঈশ্বরদীর বাসিন্দা আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে ঘর বেঁধেছেন। আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। বিয়ের পর ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকায় বাসাভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেছেন তিনি। নবদম্পতিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।
রিজুর পারিবারিক সূত্র জানায়, বছরখানেক আগে থেকেই ফেসবুকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তারা দুজন বিয়ে করার কথা ভাবেন। পরে আমেরিকা থেকে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন ডেভিডসন। শনিবার (২১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পরদিন রোববার (২২ অক্টোবর) সকালে পারিবারিকভাবে ঢাকায় বিয়ে করেন তারা। ইসলাম ধর্মের রীতি মেনে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের আগেই ডেভিডসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর বিকালে ঈশ্বরদীর বাড়িতে আসেন।
প্রেমিক আসাদুজ্জামান রিজু বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। পরে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন। আমরা উভয়ে ভালোবেসে বিয়ে করে সুখের সঙ্গে বসবাস করছি বলে উল্লেখ করেন তিনি। তাদের বাসায় প্রতিদিন অনেক লোকজন তাদেরকে দেখতে আসছেন উল্লেখ করে তিনি বলেন, এলাকার অনেকেই আমাদের সাথে সেলফি তুলে তাদের শখ পূরণ করছেন। আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। আমাদের বাসার পরিধি ছোট হওয়ার কারণে নতুন বাসা ভাড়া নিতে হয়েছে। বাড়ির পাশেই মনিরুল ইসলামের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। এখন বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা ও গোছগাছ করতে সময় কাটছে।
আমি এখানে এসে ভালো আছি, আমার ভালো লাগছে বলে ভাঙা ভাঙা বাংলায় জানায় প্রেমিকা হারলি এবেগেল আইরিন ডেভিডসন।