সোমবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে আহত হয়েছেন শতাধিক। এ দুর্ঘটনার নেপথ্যে কারণ জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বলেছেন, কনটেইনারবাহী ট্রেনটির চালক ও সহকারী চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তাদের দাঁড়ানোর কথা ছিল ভৈরব স্টেশনের আউটার সিগন্যালে। কিন্তু তারা সেটি না করে সিগন্যাল অমান্য করে ট্রেনটি চালিয়ে চলে আসে। একই সময় ভৈরব স্টেশন থেকে বের হয়ে ঢাকার পথে আসছিল যাত্রীবাহী এগার সিন্ধুর এক্সপ্রেস। চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটির ইঞ্জিন এগার সিন্ধুরের পেছন থেকে তৃতীয় বগিতে আঘাত করে।
রেলের এ কর্মকর্তা আরো বলেন, কোনো স্টেশনের আউটার হচ্ছে ট্রেনগুলোকে অপেক্ষায় রাখার জায়গা। অন্য ট্রেনকে জায়গা দিতে আউটার এলাকায় ট্রেন থামার সংকেত বাতি (সিগন্যাল) আগেই জ্বালিয়ে দেওয়া হয়ে থাকে। সেই সংকেত বাতি জ্বলেনি, নাকি কনটেইনার ট্রেনের চালক সংকেত দেখতে পাননি সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি সিগন্যাল দেখেননি, না অন্য কোনো কারণ ছিল- এসব খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করবে।
তিনি আরও জানান, এগারসিন্ধুর যখন ঢাকার দিকে যাচ্ছিল, তখন এটার পেছনের অংশে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সেখানে একটা সাইড কলিশন হয়েছে। যার ফলে হতাহত আছে।
এ ঘটনায় কনটেইনারবাহী ট্রেনের চালক (লোকো মাস্টার) জাহাঙ্গীর আলম ও সহকারী লোকো মাস্টার আবিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২ তদন্ত কমিটি গঠন
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় বিভাগীয়ভাবে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করেছে। ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকোমেটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগনাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটিতে আছেন- রেলওয়ের সিওপিস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার, আরমান হোসেন, সিএসপি তুষার ও চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পর পরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।