বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে প্রবাসী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাঠে দুপুরে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। তারা ছুটি নিয়ে দেশে বেড়াতে আসেন। মৃতরা হলেন- অলেক মিয়ার ছেলে কাতার প্রবাসী আল আমিন (২৮), হেলো মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. আবুল হোসেন (২৭)। সম্পর্কে তারা একে অপরের চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, আল-আমিন ও আবুল হোসেন ছুটি নিয়ে দেশে বেড়াতে আসেন। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে তারা জমির আইল কেটে জমি থেকে পানি নামানোর জন্য মাঠে যান। পাশেই একটি পরিত্যক্ত ঘরের বিদ্যুতের তার জমির পানিতে পড়ে ডুবে ছিল। জমির পানি নামানোর জন্য মাঠে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হন তারা। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন, বিষয়টি শুনে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।