বগুড়ার শেরপুরে নদী থেকে মহরম আলী (৪৫) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার (২৪ মে) সকালে উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের চান্দাইকোনা বগুড়া বাজার ব্রিজ এলাকার ফুলজোর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মহরম আলী যুবলীগের ইউনিয়ন কমিটির সাবেক নেতা ছিলেন। তিনি সীমাবাড়ী ইউনিয়নে টাকাধুকুরিয়া গ্রামের মৃত তাহেজ আলী খানের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের ছোটভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, তার নামে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার রাত দেড়টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় মিসিং ডায়েরি অনুযায়ী এক ভিকটিমকে উদ্ধারের জন্য যায়। তাকে গ্রেফতার করা হতে পারে এই ভয়ে পুলিশ দেখে মহরম আলী দৌড়ে পালিয়ে যান। এ সময় তিনি ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার (২৪ মে) সকালে ফুলজোর নদীতে তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তবে নিহতের বোন শিউলী জাহান জানিয়েছেন, তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি বলেন, সেদিন রাতে মহরমের সঙ্গে তার দুই বন্ধু ছিল। তাদের তথ্যমতে মহরম পুলিশ দেখে নদীতে ঝাপ দিয়েছে। কিন্তু তার লাশ দেখে পানিতে ডুবে মরার মতো মনে হচ্ছে না। সম্ভবত তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।