কারাবন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে তৃতীয় দফায় করা জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন চাইলে জামিন আবেদন নামঞ্জুর করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এদিন ফখরুল ও আব্বাসের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে তাদের জামিনের বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। গতকাল (১৪ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ জামিন শুনানির দিন রেখেছিলেন।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এ ঘটনায় ৮ ডিসেম্বর গভীর রাতে তাদেরকে আটক করে ডিবি পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর দুপুরে তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। ওইদিন বিকালে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।