রোববার বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল।
১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আগে ১ হাজার ২৫১ টাকা ছিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৫১ টাকা বেড়েছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেবিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, সরকারের ইচ্ছা অনুসারে সংশ্লিষ্ট বিভাগ বিইআরসি আইন সংশোধন করা হয়েছে। সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। কমিশন আইন অনুযায়ী চলবে।
গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।