গরু চুরির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাবলী আক্তার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। পুলিশ জানিয়েছে, বাবলী আক্তার আন্তঃজেলা গরু চোর দলের ‘মহারানী’ হিসেবে পরিচিত। ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গরু চুরির অভিযোগে গ্রেফতার করা হয় ছাত্রলীগের ঐ নেত্রীকে।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি এলাকা থেকে বাবলী আক্তার নামে ওই ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করা হয়। গরু চুরির ঘটনায় ধামরাই থানায় একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- হাবুল সরদার (৩৮), রাজু আহমেদ (২৪), আরিফ (২২), শাহাদাৎ হোসেন (২৮)। তাদেরকে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবুল সারদারের পিতার নাম মৃত কদম আলী সরদার। তার বাড়ি বরিশালের মুলাদী থানার গলইভাঙা এলাকায়। রাজু আহমেদের পিতার নাম হায়দার আলী। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায়। আরিফের পিতার নাম নূর ইসলাম। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর এলাকায়। শাহাদাৎ হোসেনের পিতার নাম শহিদুল্লাহ মিয়া। তার বাড়ি ধামরাইয়ের কাঁচারাজাপুর এলাকায়।
ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতার হওয়ার বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছে। মামলাগুলো তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। তাকে গ্রেফতার করা হয়েছে।