তালেবান সরকার আফগানিস্তানের নারী অধিকার রক্ষাসহ আরও যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা ভঙ্গ করছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বলেন, তালেবান ক্ষমতা দখল করার পর নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে ও পুরোনো শত্রুদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। কিন্তু তারা বলেছিল শত্রুদের তারা ক্ষমা করে দিয়েছে।
তিনি বলেন, তালেবান গতমাসে ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং এক বিপজ্জনক’ অধ্যায়ে প্রবেশ করেছে। দেশটির নারীরাসহ জাতিগত এবং ধর্মীয় অনেক সম্প্রদায়ই গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি জেনেভায় মানবাধিকার কাউন্সিলকে মিশেল ব্যাশেলেট বলেন, ক্ষমতা দখলের আগে তালেবানরা নারীদের অধিকারকে সমর্থন করবে এমন আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টোটাই দেখা গেছে। তারা নারীদেরকে রেখেছে অন্তরালে। তালেবানের নতুন সরকারে নারী প্রতিনিধিত্ব না থাকা নিয়েও ব্যাশেলেট হতাশা প্রকাশ করেন।
দেশটির অনেক জায়গায় ১২ বছরের মেয়েদের স্কুলে যেতে বাঁধা দেওয়া হয়েছে। নারীদের ঘরে থাকতে বলা হয়েছে যামার্কিন নেতৃত্বাধীন আক্রমণের আগে ১৯৯৬-২০০১ সালের সময়কার তালেবান শাসনের মতোই অবস্থা বলে জানান তিনি।
তাছাড়া, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণার পরও তালেবান প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ঘরে ঘরে তল্লাশি চালিয়ে তাদের দেওয়া প্রতিশ্রুতির ভঙ্গ করেছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ওইসব কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা লোকজনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর একাধিক অভিযোগ পেয়েছে জাতিসংঘ।