কুমিল্লার চান্দিনায় বালুবোঝাই ট্রাক্টর ও কাভার্ড ভ্যানের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক সহ দুইজন নিহত ও একজন আহাত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজারসংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালুশ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান (৪০) ও কাভার্ড ভ্যানের চালক লিটন (৪০)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাড়িখোলা গ্রামের ট্রাক্টরচালক আমির হোসেনকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কসংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠাচ্ছিলেন শ্রমিকেরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই শ্রমিক নুরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান কাভার্ড ভ্যানের চালক। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারকাজ চালায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী।