চট্টগ্রামের পটিয়ায় ব্যাটারি চালিতে অটোরিক্সা ছিনতাই করে চালক খুনের ঘটনায় হাফেজ মনজুরুল আলম (৩৫) প্রকাশ মনজু নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার (১৫ জুলাই) রাতে নগরীর বায়েজিত বোস্তামী এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। সে ভোলা জেলার মো. সোলাইমানের পুত্র। ধৃত আসামীকে গতকাল বৃহস্পতিবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, অটোরিক্সা চালক মো. মেহেদী হাসান (১৫) কে গত ৯ জুলাই রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা এলাকায় খুন করে রিক্সা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মেহেদী হাসানের মামা আবদুর রহমান বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পটিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাসেদুল ইসলাম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগরীর বায়েজিত বোস্তামী এলাকা থেকে মনজুরুলকে গ্রেফতার করেন। রিক্সা চালক মেহেদী হাসানের বাড়ি ভোলা জেলায় হলেও সে দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরের ব্রাহ্মনপাড়া এলাকায় ভাড়া বাসায় ছিল।
আরও পড়ুন- মান্দায় অস্ত্রসহ যুবক আটক
এ বিষয়ে পটিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, রিক্সা চালক মেহেদী হাসানের খুনের সঙ্গে সম্পৃক্ততা থাকায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সে ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।