ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হাতুড়াবাড়ির খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ৭ বছরের শিশু সন্তান জুবায়ের।
দুর্ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২০ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, নিহত গোলাম মাওলা পেশায় একজন শ্রমিক। নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিল। এ কারণে আজ ভোরে ঘরের মালামাল সরিয়ে ফ্রিজ রাখার জায়গা করছিল। এ সময় ঘরের একটি স্টিলের আলমারিতে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। আলমারিটি সরাতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন- আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
একই দুর্ঘটনায় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।