রাজধানী ঢাকার দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের ৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদটির ইমামকে আটক করা হয়েছে।
নিহতের নাম আজহারুল ইসলাম (৩০)। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন।
সোমবার (২৪ মে) দিবাগত রাত ৩টার দিকে এলাকার সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুজ সরকার।
পুলিশ সুত্রে জানা যায়, আজহারুল পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার (২০ মে) থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার গভীর রাতে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে এসআই অনুজ সরকার গণমাধ্যম কর্মীদের বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। র্যাবের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।#