পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে শেখ তানভীর আহমেদ রনি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সেখ তানভীর আহমেদ রনি শহরের নারায়নপুর মহল্লার জালাল উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রনির সাথে স্থানীয় মিরাজুলের বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে মিরাজুলের নেতৃত্বে ২টি মোটরসাইকেল যোগে ৬ যুবক রাধানগর ডিগ্রি কলেজ বটতলায় আসে।
আরো পড়ুন:পাবনায় ট্রাকচাপায় প্রাণ হারালো অটোরিকশার দুই যাত্রী
সেখানে একটি দোকানে বসে থাকা রনিকে ঘিরে ধরে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় রনিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে সে মারা যায়।
এ বিষয়ে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকন উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।