দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। বুধবার বিশাখাপত্নমে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৮৭ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। জবাবে ২৮০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।
এদিন ভারত-উইন্ডিজ মিলে তুলেছে ৬৬৭ রান। উভয় দলের ব্যাটসম্যানরাই কমবেশি রানের দেখা পেয়েছেন। তবে কৌতূহল জাগানিয়া বিষয় হলো, দুই দলের অধিনায়কই গোল্ডেন ডাক মেরেছেন। প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন তারা। ৪৮ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এ ঘটনা প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব।
নিজেদের ব্যাটিং ইনিংসের ৩৮তম ওভারে ব্যাট করতে নামেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।নেমেই কাইরন পোলার্ডের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম বলে রানের খাতা খোলার আগেই আউট হন এ ব্যাটিং মায়েস্ত্রো।
এরপর ভারতের দেয়া ৩৮৮ রান তাড়া করতে নেমে ছয় নম্বরে ক্রিজে আসেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড। এসেই মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে রিশভ পন্থকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন ক্যারিবীয় অলরাউন্ডার। এতে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো দুই দলের অধিনায়কের গোল্ডেন ডাক দেখেন দর্শকরা।
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পায় উইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনল ভারত। তৃতীয় ও শেষ ম্যাচ গড়াবে রোববার কটকে। খবর যুগান্তর।