যশোর জেলার অভয়নগরে ট্রাকচাপায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া জুটমিলসংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রবিউল সরকার (৪২)। তিনি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের রশিদ সরকারের ছেলে।
ট্রাকচালক রাজু জানান, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আমার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আমার গাড়িটি নিয়ন্ত্রণ করার আগেই নসিমনচালক ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাসতুরা মারজানা তৃষা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসাধীন থেকে মৃত্যু হয়েছে। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিন্নাহ আলম বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে যশোর ট- ১১-৪৫৬০ ট্রাকের চাকায় পিষ্ট হন চালক। তিনি আরো বলেন, হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ট্রাক ও ক্ষতিগ্রস্ত নসিমনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রক্রিয়াধীন রয়েছে মামলা।