সারাদেশে মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।
শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে সরকার।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।
আরও পড়ুন- হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও রোগী রাখা হবে: স্বাস্থ্যমন্ত্রী
উল্লেখ্য যে, বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আনুষ্ঠানিকভাবে ‘লকডাউন’ ঘোষণা করা না হলেও মহামারি নিয়ন্ত্রণে গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো ‘সাধারণ ছুটির’ ঘোষণা দেয় সরকার।
শুরুতে গত বছরের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা। পরবর্তীতে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষ হয় গত বছরের ৩০ মে। অনেকের ধারণা এবার সরকার প্রথমবারের লকডাউনের চেয়ে কঠোর অবস্থানে যাবে করোনার সংক্রমণ রোধে।