মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার প্রতিবাদে মিছিল করছেন মোটরসাইকেল চালকরা।
আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহন কর্তৃপক্ষর (বিআরটিএ) নির্দেশনার প্রতিবাদে এ মিছিল করেন তারা। বিক্ষোভকারী বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক মিছিল নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রেসক্লাবের দিকে যাচ্ছেন।
এ সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল চালকদের মিছিল থেকে বিক্ষোভকারী মোটরসাইকেল চালকরা রাইড শেয়ারিং বন্ধের সিন্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সাংবাদিকদের মোটরসাইকেল চালক মোঃ কামরুল ইসলাম বলেন, সড়কে বাস-ট্রাক, সিএনজি, অটোরিকশা সবই চলছে। শুধু রাইড শেয়ারিং বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করি। রাইড শেয়ারিং না করতে পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। এ কারণে আমরা সরকারের সিন্ধান্তের প্রতিবাদ করছি।
আরও পড়ুন- করোনায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে বিআরটিএ’র ৭ নির্দেশনা
দেশে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা দেয় সরকার। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বিআরটিএ আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশনা দেয়।