ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মাদকাসক্ত মেয়ের কাঁচির আঘাতে মা রহিমা বেগম (৫০) নিহত হয়েছেন। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দশানীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাপিয়া (২৬) নিয়মিত ইয়াবা সেবন করতেন। ইয়াবার টাকা চেয়ে দিনের পর দিন মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি।
মেয়ে পাপিয়ার আগেও বিয়ে হয়েছিল। বর্তমান স্বামীর বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের ইসহাক মিয়া। তার একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে।
আরও পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
রহিমা বেগমের স্বামী বাবুল মিয়া পুলিশে কর্মরত। স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে। স্বামী দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘ বছর ধরে দশানীতে সন্তানদের নিয়ে বসবাস করেন রহিমা।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, পুলিশ অভিযুক্ত মেয়েটিকে আটক করেছে।