তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুৃদ এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সুচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জেলার আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপিনেতাসহ সরকারের সমালোচকরা করোনা শুরুর প্রথম থেকে বলে আসছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আাক্রান্ত হবে আর লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তারা আরও বলেছিল সরকার করোনা প্রতিষেধক টিকা আনতেই পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, পাকিস্তানের প্রচারমাধ্যমগুলো গুরুত্বের সাথে প্রচার করছে যে, সবগুলো সুচকে পাকিস্তানকে পিছিয়ে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান যখন বলেছিলেন আগামী দশ বছরে পাকিস্তানকে সুইডেন বানিয়ে দিবেন। তখন সে দেশের মানুষ বলেছিলেন আগামী দশ বছরে সুইডেন নয়, বাংলাদেশ বানিয়ে দেন।’
আরও পড়ুন:- ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অপ্রকাশিত থাকা রাষ্ট্রীয় ব্যর্থতা: তথ্যমন্ত্রী
আত্রাই উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এবং আত্রাই-রানীনগর আসনের এমপি মোঃ আনোয়ার হোসেন হেলাল। সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক।
সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ, আত্রাই উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অংগ সংগঠন এবং উপজেলার ৮টি ইউনিয়নের কাউান্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালকে সভাপতি ও মো: আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে আত্রাই উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।