চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন বড় উঠান এলাকায় ১ কোটি ৫৩ লাখ টাকার ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালবেলা কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার বিকেলে ইয়াবাসহ মা ও ছেলেকে র্যাব গ্রেফতার করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- বড় উঠান দৌলতপুরের (মীর বাড়ির) মাহমুদুল হকের স্ত্রী শামসুন নাহার ও তার ছেলে এরফানুল হক মারুফ।
আরও পড়ুন- গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে বাড়িতে লুটপাট করলো ডাকাত দল
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ১ কোটি ৫৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করতেন।
এদিকে মা ও ছেলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।