ইরাকের কিরকুক প্রদেশে অভিযান চালিয়ে সাত আইএস জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এদের মধ্যে আইএসের তিনজন নেতা রয়েছে।
গতকাল বুধবার (২৭ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশটির দক্ষিণে অবস্থিত আল-চেই উপত্যকায় ইরাকি সেনাবাহিনী ওই অভিযান চালায়।খবর আনাদোলুর।
সেনাবাহিনী জানায়, কিরকুকে হামলার প্রস্তুতির গোপন খবর পেয়ে আইএসের গোপন আস্তানায় বুধবার ভোরে অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় দুই আইএস সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ইরাকি সেনাবাহিনী। অন্য সাত সদস্য গোলাগুলিতে নিহত হন।
ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে এতে সেনাবাহিনীর সদস্যরা হতাহতের শিকার হয়েছে কিনা তা বলা হয়নি।
আরও পড়ুন- চীনা সেনাকে আটক করে জেলে নিলো ভারতীয় সেনারা
উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকে ইরাকের মসুল, সালাহউদ্দিন ও আনবার প্রদেশ এবং দিয়ালা ও কিরকুকের কিছু অংশ দখল করে নেয় আইএস জঙ্গিরা।
এর পরে ২০১৭ সালে মার্কিন জোটের সহায়তায় এসব এলাকা থেকে আইএস জঙ্গিদের ইরাকি বাহিনী বিতাড়িত করলেও সম্প্রতি আবার বেশ কয়েকটি হামলা চালিয়ে আবারও তাদের উপস্থিতির জানান দিচ্ছে।