বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে আজ সিসিইউ থেকে কেবিনে দেয়া হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি রোববার যুগান্তরকে জানান, মওদুদ আহমদের দুবার করোনা টেস্ট করা হয়েছে। এতে করোনাভাইরাস ধরা পড়েনি। তার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছে। তবে গতকালের চেয়ে আজ তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎধীন আছেন।
সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি।
সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজ-খবর রাখছেন।
সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খবর যুগান্তর।