গেমসে অন্য যে কোনো সোনার চেয়ে দামি ফুটবলের স্বর্ণ- এমনটাই ভাবে নেপালের মানুষ। সেই দেশটির কাছে বাংলাদেশের হারে বিস্মিত নেপালবাসীও। এবারের সাউথ এশিয়ান গেমসে স্বাগতিক নেপালের কাছে হেরেই ভেঙেছে গেছে লাল-সবুজের সোনার স্বপ্ন। গেমসে জামাল ভূঁইয়াদের বিবর্ণ পারফরম্যান্সে স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। জানা গেছে, এই ব্যর্থতার ময়নাতদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।
যে দলটি গত দু’বছরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, সেই দলটিই কি না নেপালের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। নেপালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নিজেদের উজাড় করে খেলেননি লাল-সবুজের ফুটবলাররা। তাদের খেলা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন দেশপ্রেম নিয়ে। লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে জীবনপণ লড়াই করার মানসিকতা দেখা যায়নি কাঠমান্ডুতে। এসএ গেমসের আরেকটি আসরে ফুটবলে ব্যর্থ বাংলাদেশ।
টানা দুটি এসএ গেমসে স্বর্ণের লড়াই থেকে ছিটকে পড়ে জেমি ডে’র দল। আর এই ব্যর্থতার রিপোর্ট বাফুফেতে দেয়া হচ্ছে। দু’একদিনের মধ্যে ব্যর্থতার রিপোর্ট ন্যাশনাল টিমস কমিটির কাছে জমা হবে বলে জানা গেছে। ২০১০ এসএ গেমসে ঢাকায় স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তিন বছর আগে শিলং ও গৌহাটিতে অনুষ্ঠিত গেমসে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। গত আসরে ছিল ভারত। এবার প্রতিবেশী দেশটি না থাকায় স্বর্ণ পুনরুদ্ধারের সম্ভাবনা বেড়ে যায়। লড়াইয়ের আগে যেন জিতে গেছে; এমন আত্মবিশ্বাস পেয়ে বসে ফুটবলারদের। তাতেই ভরাডুবি হল।
চার ম্যাচে বাংলাদেশ করেছে দুই গোল। ফুটবলাররা ক্লাবের স্বার্থে গা বাঁচিয়ে খেলেছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। ১৮ ডিসেম্বর শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। তার আগে ইনজুরির ঝুঁকি এড়াতে মাঠে শতভাগ দেননি কয়েকজন ফুটবলার। আর এসব নোট করে রেখেছেন দলের সঙ্গে কাঠমান্ডুতে আসা এক কর্মকর্তা।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমি নিজেও অবাক হয়েছি জামালদের খেলা দেখে। এটা কোনো ফুটবল খেলা হতে পারে না। আমি সব ম্যাচ পর্যবেক্ষণ করেছি। আমি ন্যাশনাল টিমস কমিটির কাছে একটা রিপোর্ট জমা দেব। তা না হলে ভবিষ্যতেও ফুটবলাররা এমন গা বাঁচিয়ে খেলবে।’ খবর যুগান্তর।